Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ঈদে আসছে তটিনী-পার্থর ‘অমর প্রেম’

দুই গ্রামের প্রভাবশালী পরিবারের দ্বন্দ্ব আর তাদের সন্তানদের প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘অমর প্রেম’। আসন্ন ঈদ উৎসব উপলক্ষে নাটকটি প্রকাশ পেতে যাচ্ছে সিএমভি’র ব্যানারে।

নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ও অভিনেতা পার্থ শেখ। এটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন এবং চিত্রনাট্য লিখেছেন শাহরিয়ার সজীব।

গল্পে দেখা যাবে, আত্রাই নদীর দুই পাড়ে অবস্থিত মির্জাপুর ও শাহজাহানপুর গ্রামের মধ্যে দীর্ঘদিনের ক্ষমতার দ্বন্দ্ব চলছে। মির্জাপুরের নেতৃত্বে রয়েছেন বাহাদুর মির্জা, আর শাহজাহানপুরের প্রধান শাহজাহান খান। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সবসময় উত্তেজনা বিরাজ করে।

এমন পরিস্থিতির মধ্যেই এক বিয়েবাড়িতে বাহাদুর মির্জার ছেলে পার্থর সঙ্গে পরিচয় হয় শাহজাহান খানের মেয়ে রাইসার। পরিচয় থেকে শুরু হয় প্রেম, আর সেই সম্পর্ক ঘিরেই তৈরি হয় নতুন সংঘাত ও ক্ষমতার লড়াই।

সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। নির্মাতা জাহিদুল ইসলাম সুজন বলেন, গল্প ও চরিত্রগুলোর আবেগ দর্শকদের স্পর্শ করবে। পুরো টিম আন্তরিকভাবে কাজ করেছে বলেও জানান তিনি। তটিনীর সঙ্গে এটি তার তৃতীয় কাজ।

নাটকে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপুসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন নাঈম ফুয়াদ।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ঈদ উপলক্ষে সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হবে।

সাতকাহন ডেস্ক