ইরানকে সমর্থন দেওয়াকে কেন্দ্র করে হিজবুল্লাহ ও ইসরায়েল-এর চলমান সংঘাতের মধ্যেই লেবাননে প্রাণঘাতী এক হামলার ঘটনা ঘটেছে। এতে লেবাননের বিরোধী রাজনৈতিক দলের এক জ্যেষ্ঠ নেতা সস্ত্রীক নিহত হয়েছেন।
BBC-এর প্রতিবেদনে বলা হয়, রোববার (৫ এপ্রিল) চালানো ওই হামলায় নিহত হন খ্রিষ্টান-সমর্থিত দল লেবানিজ ফোর্সেস পার্টি-এর সিনিয়র নেতা পিয়েরে মুভাদ এবং তার স্ত্রী ফ্লাভিয়া মুভাদ।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা মূলত হিজবুল্লাহর এক নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তবে হামলাটি ‘লক্ষ্যভ্রষ্ট’ হওয়ায় এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় দুঃখ প্রকাশও করেছে তারা।
প্রতিবেদন অনুযায়ী, হামলাটি চালানো হয় লেবাননের রাজধানী বেইরুত-এর পূর্বাঞ্চলের একটি আবাসিক ভবনে, যেখানে মূলত খ্রিষ্টানদের বসবাস। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় একজন পুরুষ ও দুজন নারী নিহত হয়েছেন। স্থানীয় মেয়র বলেন, ভবনের নিচতলায় বসবাস করতেন নিহতরা।
এ ঘটনায় লেবানিজ ফোর্সেস পার্টি জানিয়েছে, পিয়েরে মুভাদ কোনো যোদ্ধা ছিলেন না এবং তিনি কোনো সামরিক লক্ষ্যবস্তুও ছিলেন না। মৃত্যুর আগে তিনি পরিবারের সঙ্গে ইস্টার সানডে উদযাপন করছিলেন।
উল্লেখ্য, ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ শুরু থেকেই ইরানের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। এর জবাবে ইসরায়েলও লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে চলমান এই সংঘাতে ইরানের পর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে লেবাননে।
সাতকাহন ডেস্ক