ট্রাম্প উত্তেজিত হয়ে নেতানিয়াহুকে বলেন, আজকে ইসরায়েলের প্রতি বিশ্ববাসীর ঘৃণা শুধু আপনার জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার এক উত্তপ্ত ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একথা বলেন।
এর আগে সোমবার ইরান সতর্ক করেছিল যে, লেবানন-এ ইসরায়েলের সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা বন্ধ করে দিতে পারে। এরপরই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ওই ফোনালাপ হয়। প্রতিবেদনে বলা হয়, এক পর্যায়ে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে বলেন, “ আপনি আসলে কী করছেন ?”
মার্কিন এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ট্রাম্প মনে করেছিলেন হিজবুল্লাহ-র হামলার জবাবে নেতানিয়াহু অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন। বিশেষ করে, একজন হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্যবস্তু করতে পুরো ভবন ধ্বংস করা এবং বৈরুত-এর বিরুদ্ধে হুমকি দেওয়ায় তিনি আপত্তি জানান।
আরেকটি সূত্রের মতে, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, “এখন সবাই তোমাদের ঘৃণা করে। এই কারণেই সবাই ইসরায়েলকে ঘৃণা করছে।”
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প নেতানিয়াহুকে অকৃতজ্ঞ বলেও অভিযুক্ত করেন। একটি সূত্রের দাবি, তিনি বলেন যে তার সমর্থন না থাকলে নেতানিয়াহু হয়তো কারাগারে থাকতেন।
ফোনালাপের পর নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তবে একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, বাস্তবে ট্রাম্প ওই আলোচনায় নেতানিয়াহুর ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করেছিলেন।
পরে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, তিনি নেতানিয়াহুকে বৈরুতে বড় ধরনের অভিযান না চালানোর অনুরোধ করার পর ইসরায়েলি বাহিনী তাদের পরিকল্পনা থেকে সরে এসেছে।