বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। ছয় বছর আগে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এ শর্ত পুনর্বহালের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন বর্তমান সরকার।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ পুনর্বহালের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে তখন তা মূলত কূটনৈতিক পাসপোর্টে সীমিত ছিল। এখন সব ধরনের পাসপোর্টে এটি কার্যকর করার প্রস্তুতি চলছে।
গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পাসপোর্টে একাধিক পরিবর্তনের উদ্যোগ শুরু হয়। এ নিয়ে এপ্রিল ও মে মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ বাদ দেওয়া হয়। আগে বাংলাদেশি পাসপোর্টে উল্লেখ ছিল—‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া।’ এরপর থেকেই বিভিন্ন মহল থেকে ওই শর্ত পুনর্বহালের দাবি ওঠে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন পাসপোর্টে এ শব্দবন্ধ যুক্ত করা হবে। বর্তমানে যাদের পাসপোর্ট রয়েছে, তাদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন হবে না; মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট দেওয়া হবে।
এদিকে ই-পাসপোর্টের জলছাপেও বড় পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে থাকা কয়েকটি ব্যক্তি ও স্থাপনার ছবি বাদ দিয়ে নতুন কিছু জাতীয় ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক প্রতীক যুক্ত করা হবে।
বাদ পড়ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ কয়েকটি স্থাপনার ছবি।
নতুন করে যুক্ত হচ্ছে বঙ্গভবন, জামদানি শাড়ি, ইলিশ, কাঁঠাল, টাঙ্গুয়ার হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত, আহসান মঞ্জিল, শালবন বিহার, নীলগিরি, জাতীয় স্মৃতিসৌধ এবং পানাম নগর–এর ছবি।
স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, পাসপোর্টের ভেতরের কয়েকটি জলছাপ পরিবর্তনের কাজ চলছে এবং শিগগিরই এ বিষয়ে সরকারপ্রধানের অনুমোদন পাওয়া যেতে পারে।
সাতকাহন ডেস্ক