Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সরকার। একই সঙ্গে লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।

বাংলাদেশ সরকার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

সোমবার স্থানীয় সময় দুপুরে লেবাননের নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে নিহত হন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চলমান সহিংসতায় বেসামরিক মানুষের প্রাণহানি অত্যন্ত উদ্বেগজনক এবং এ ধরনের ঘটনা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন।

সাতকাহন ডেস্ক

You might also like