ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় কৃষ্ণ সাগর উপকূলের রুশ বন্দর তামান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বন্দর দিয়ে তেল ও তেলজাত পণ্য, শস্য, কয়লা এবং বিভিন্ন পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়।
তামান বন্দরটি রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাৎইয়েভ জানান, ইউক্রেনের ড্রোন হামলায় বন্দরের তেল সংরক্ষণাগার, গুদাম ও টার্মিনাল প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাতে তামানের পাশাপাশি কৃষ্ণ সাগর তীরবর্তী পর্যটন শহর সোচি এবং আনাপা-র ইউরোভকা গ্রামেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে সেসব এলাকায় এখনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ইউক্রেনের সেনাবাহিনী তামান বন্দরে হামলার দায় স্বীকার করেছে। রোববার দেশটির সেনাপ্রধানের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, ভবিষ্যতে রাশিয়ার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।
সূত্র: রয়টার্স