পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের আবহে টলিপাড়ার তারকাদের প্রতিক্রিয়াও নজর কাড়ছে। বিশেষ করে আরজি কর কাণ্ডের নির্যাতিতার মায়ের নির্বাচনী জয়ে আবেগ প্রকাশ করেছেন অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী। ৪ মে ফল প্রকাশের পর তিনি এই জয়কে ‘ব্যক্তিগত জয়’ হিসেবে উল্লেখ করেন।
আরজি কর মেডিক্যাল কলেজ-এর ঘটনার শুরু থেকেই সোচ্চার ছিলেন মিমি। দোষীদের শাস্তির দাবিতে তিনি যেমন রাস্তায় নেমেছেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদ জানিয়েছেন। এ কারণে তাকে নানা ধরনের কুরুচিকর মন্তব্য ও হুমকির মুখেও পড়তে হয়, তবে তিনি অবস্থান থেকে সরে আসেননি।
২০১৬ সালের নির্বাচনে পানিহাটি থেকে লড়া নির্যাতিতার মা এবার জয়ী হওয়ার পর সেই খবর শেয়ার করে মিমি লেখেন, “এই জয়টা আমার কাছে খুব ব্যক্তিগত মনে হচ্ছে। তবে কোনো জয়ই আপনার সেই অপূরণীয় ক্ষতির প্রতিদান হতে পারে না।”
উল্লেখ্য, ২০১৯ সালে তৃণমূল কংগ্রেস-এর মনোনয়নে যাদবপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মিমি চক্রবর্তী। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়র কাছে পদত্যাগপত্র জমা দেন।
রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে আরজি কর ইস্যুতে তার মানবিক অবস্থান সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।