উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জেনারেল হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন, ফলে তার ১৫ বছরের নেতৃত্ব আরও দীর্ঘায়িত হলো।
রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএন অনুযায়ী, শনিবার (২২ ফেব্রুয়ারি) পার্টির কংগ্রেসের চতুর্থ দিনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সদস্যদেরও নির্বাচন করা হয়েছে এবং দলের কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে।
কিম জং উন ২০১১ সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্বে আছেন। ২০১৯ সালে সংবিধান পরিবর্তন করে তার ক্ষমতাকে একক ও অখণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করা হয়।
চলতি কংগ্রেসে কিম গত পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেছেন এবং আগামী পাঁচ বছরের জন্য নতুন পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করেছেন। এছাড়া তিনি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন কয়েক ডজন রকেট লঞ্চার উন্মোচন করেছেন।