কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে তা অফিস শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান এতে সই করেন।
আদেশে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধান উল্লেখ করে বলা হয়েছে—বিনা অনুমতিতে কাজে অনুপস্থিতি, অফিস ত্যাগ কিংবা দেরিতে উপস্থিত হওয়া শাস্তিযোগ্য অপরাধ।
সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে। অফিস সময় শেষ হওয়ার আগে (রমজানে বিকেল ৩টা ৩০ মিনিট এবং রমজান-পরবর্তী সময়ে বিকেল ৫টা) কেউ যেন দপ্তর ত্যাগ না করেন, তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস ত্যাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধানের অনুমতি নিয়ে ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা দিয়ে বের হতে হবে।
বিনা অনুমতিতে অনুপস্থিতি, অফিস ত্যাগ বা দেরিতে উপস্থিত হলে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে সতর্ক করা হয়েছে।