Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

অস্ত্র মামলায় হাদি হত্যার আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

রাজধানীর আদাবর থানার অস্ত্র মামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন বৃহস্পতিবার (৯ এপ্রিল) রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব-২। পালানোর চেষ্টা করার সময় ফয়সাল করিমকে আটক করা হয়। পরে তার বাসা তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরদিন আদাবর থানায় র‌্যাবের হাবিলদার মশিউর রহমান অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায় জড়িত ছিলেন এবং দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন।

আদালতে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ৫ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপনের পর রায়ের জন্য ৯ এপ্রিল দিন ধার্য করা হয়।

গত বছরের ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণা শেষে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদী। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। হত্যাকাণ্ডে ফয়সাল করিমের নাম আসে। তদন্ত শেষে ৬ জানুয়ারি তার ও আরও ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর নারাজির আবেদন ও আদালতের নির্দেশে সিআইডিকে আরও তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়।

সাতকাহন ডেস্ক