রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি হাসপাতালে প্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি-এর টিউমার অপসারণের জন্য দীর্ঘ চার ঘণ্টার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে (পোস্ট-অপারেটিভ কেয়ার) আছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারে কোনো জটিলতা দেখা দেয়নি। তবে নির্মাতা হাসান রেজাউল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তাকে আগামী ২৪ ঘণ্টা আরও পর্যবেক্ষণে রাখা হবে। পোস্ট-অপারেটিভ কিছু জটিলতার সম্ভাবনা থাকায় এখনও তাকে পুরোপুরি বিপদমুক্ত বলা সম্ভব নয়। এই খবর প্রকাশের পর বিনোদন অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
অভিনেত্রী সামিরা খান মাহি ফেসবুকে তার একটি ছবি শেয়ার করে লিখেছেন, “হাসপাতালের বিছানায় নয়, তোমাকে আবার হাসিমুখে আমাদের মাঝে দেখতে চাই।” তিনি তানিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা একাত্মতার বার্তা জানাচ্ছেন। কেউ তার সঙ্গে কাজের স্মৃতি শেয়ার করছেন, কেউ পুরনো হাসিমুখের ছবি পোস্ট করছেন। প্রায় প্রতিটি বার্তায় বার্তা একটাই—“দ্রুত সুস্থ হয়ে উঠুন তানিয়া।”
এর আগে তানিয়া নিজেই ফেসবুকে তার অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন, “কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।” সেই সঙ্গে অনুরোধ করেছিলেন, শুটিং বা কাজসংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা খুদেবার্তা দিয়ে বিরক্ত না করতে।
পরিচালক সকাল আহমেদ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তানিয়া তীব্র মাথাব্যথা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তার পরিবার ও সহকর্মীরা অনুরোধ জানিয়েছেন, হাসপাতালে ভিড় না করতে এবং ফোনে বিরক্ত না করতে। প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থ হয়ে শুটিংয়ে ফিরে আসার জন্য অগণিত ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন।