Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত

শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমাতে এবং বর্তমান শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা স্থগিত রয়েছে। সাধারণত একজন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় একবার এবং নবম শ্রেণিতে এসএসসি পরীক্ষার জন্য আরেকবার রেজিস্ট্রেশন করে থাকে।

এ অবস্থায় অষ্টম শ্রেণিতে অতিরিক্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং অভিভাবকদের মধ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে উল্লেখ করা হয়।

এসব বিষয় বিবেচনায় নিয়ে ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। ফলে আপাতত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে না।