Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

জ্বালানি খাত উন্নয়নে বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশের জ্বালানি খাতের উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে। এই পরিকল্পনার অংশ হিসেবে গভীর ও অগভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য নতুন করে দরপত্র আহ্বান করা হবে। এই লক্ষ্যে ক্ষমতাগ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যে মডেল উতপাদন-বণ্টন চুক্তি (পিএসসি) চূড়ান্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদে মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগের সূত্র জানিয়েছে,  পিএসসি চূড়ান্ত করার পর চলতি বছরের মধ্যেই দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা এবং ২০২৭ সালের মধ্যে চূড়ান্ত চুক্তি (পিএসসি) স্বাক্ষর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত বুধবার দায়িত্ব গ্রহণের প্রথম দিনে বিদ্যু, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরিচিতি সভায় এই খাতের জন্য ১০০ দিনের একটি রোডম্যাপে পিএসসি চূড়ান্ত করার পরিকল্পনা প্রকাশ করেন।

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ২০২৪ সালের মার্চে এ ধরনের একটি উদ্যোগ নিয়েছিল। অগভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিগুলোর জন্য ওই বছরের সেপ্টেম্বরে দরপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। পরে রাজনৈতিক পটপরিবর্তন হলে এই সময়সীমা আরও  তিন মাস বাড়িয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু বিদেশি কোম্পানিদের কাছে এই দরপত্রের আহ্বান নজর কাড়েনি।

বর্তমান সরকারের পরিকল্পনায় শুধু সমুদ্র নয়, স্থলভাগেও জ্বালানি অনুসন্ধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সে অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে স্থলভাগে খনন প্রক্রিয়াধীন ৪৬টি কূপ থেকে প্রতিদিন অতিরিক্ত ৬৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সিনিয়র সাংবাদিক

অরুণ কর্মকার

You might also like