Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ঈদের টানা ছুটি শুরু কাল

ঈদুল আজহা উপলক্ষে দেশে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। আগামীকাল সোমবার থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি ভোগ করবেন চাকরিজীবীরা।

গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয়–এর জারি করা এক প্রজ্ঞাপনে দীর্ঘ এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়। তবে জরুরি সেবা সচল রাখতে বেশ কিছু খাতের কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ মানুষের দোরগোড়ায় ঈদের আনন্দ পৌঁছে দেওয়া এবং রাষ্ট্রীয় ও নাগরিক জরুরি সেবা অব্যাহত রাখতে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহসংশ্লিষ্ট কর্মীরা দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং বন্দরসংশ্লিষ্ট কর্মী ও যানবাহনও ছুটির বাইরে থাকবে।

ঈদের ছুটিতেও দেশের হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা চালু থাকবে। ফলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত কর্মীরাও দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় আরও জানিয়েছে, জরুরি দায়িত্বে থাকা অন্যান্য সরকারি অফিসও ছুটির আওতার বাইরে থাকবে।

নির্দেশনা অনুযায়ী, গ্রাহকদের লেনদেন ও এটিএম সেবা সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। বিচারিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট

অন্যদিকে তৈরি পোশাক খাতসহ বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়–এর নির্দেশনা ও বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী নির্ধারণ করা হবে।

সাতকাহন ডেস্ক

You might also like