সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এর আগমন ইমিগ্রেশন বিভাগের সার্ভার কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও সাময়িকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ সার্ভার কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে দায়িত্বরত কর্মীরা দ্রুত পদক্ষেপ নেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, বিমানবন্দরের দ্বিতীয় তলার সার্ভার কক্ষে আগুন লাগে। দুটি ইউনিটের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।