সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল ছয়টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা গেছে। তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার সেতটি গ্রামের মোছা. মুন্নি (৩৫), নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫) এবং সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০)।
আহতদের বরাতে জানা গেছে, প্রায় ২০ জন নির্মাণশ্রমিক একটি পিকআপে করে ঢালাই কাজের উদ্দেশ্যে আম্বরখানা থেকে দক্ষিণ সুরমার লালাবাজারে যাচ্ছিলেন। তাদের সঙ্গে একটি ঢালাই মেশিনও ছিল। পথে তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে হতাহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও পিকআপ ঘটনাস্থলেই রয়েছে এবং সেগুলো জব্দের প্রক্রিয়া চলছে।
এদিকে সিলেট মহানগর পুলিশর অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানিয়েছেন, হতাহতদের পূর্ণ পরিচয় সংগ্রহ করা হচ্ছে। নিহতদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজর মর্গে রাখা হয়েছে।
সাতকাহন ডেস্ক