সিলেটে গত ১৮ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। মৃতদের মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হলেও বাকি আটজনের ক্ষেত্রে উপসর্গ থাকলেও পরীক্ষায় তা নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার একদিনেই তিন শিশুর মৃত্যু হয়। তাদের সবারই হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ছিল। মৃত শিশুদের বয়স ৫ থেকে ১০ মাসের মধ্যে। এর মধ্যে দুইজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) এবং একজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য বিভাগের তথ্যে জানা যায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮০ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৩২ জন, সিলেটে ২৬ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং হবিগঞ্জে ৭ জন।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৯ জন রোগী।
চিকিৎসকদের মতে, আক্রান্ত শিশুদের অনেকেরই নিউমোনিয়া ও অন্যান্য জটিলতা দেখা দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলছে।
সাতকাহন ডেস্ক