Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

র‍্যাব পরিচালনায় আসছে নতুন আইন

র‍্যাব পরিচালনার জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভবিষ্যতে মানবাধিকার সমুন্নত রেখে র‍্যাব তাদের কার্যক্রম পরিচালনা করবে।

সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে র‍্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের কিছু ধারার আওতায় পরিচালিত হচ্ছে, যা দীর্ঘদিন ধরে ‘অ্যাডহক’ ভিত্তিতে চলমান। তার ভাষায়, একটি গুরুত্বপূর্ণ বাহিনীকে এভাবে পরিচালনা করা যথাযথ নয়। তাই নতুন আইনে বাহিনীর ক্ষমতা, দায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করা হবে।

র‍্যাবের নাম পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটি সরকারের বিবেচনার বিষয়।

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে বাহিনীটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। তার দাবি, ফ্যাসিবাদী সরকার একদলীয় শাসন কায়েমে বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে, যার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং তা এখনো বহাল রয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি।

You might also like