Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

জেল-জরিমানার বিধান রেখে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন’ পাস

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬ পাস হয়েছে। বিলটি উত্থাপন করেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

বিলটির মূল উদ্দেশ্য হলো দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর ও জলাভূমি অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ, হাওর ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন, সেচব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ উন্নয়ন এবং কৃষি সম্প্রসারণ। ১৯৭৭ সালে হাওর উন্নয়ন বোর্ড এবং ২০১৬ সালে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতর প্রতিষ্ঠার পরও অনিয়ন্ত্রিত উন্নয়ন ও পরিবেশগত ক্ষতির জন্য আইনের প্রয়োজন অনুভূত হয়।

বিলের প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করা হয়, সংবিধানের ১৮ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের জীববৈচিত্র্য, জলাভূমি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া ২০২০ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা রিটে হাইকোর্ট দ্রুত হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন প্রণয়নের নির্দেশ দেন।

আইনের বিধান লঙ্ঘন করলে দুই বছর কারাদণ্ড বা দুই লাখ টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড আরোপ করা যাবে। তবে উভয় দণ্ডের অতিরিক্ত কোনো দণ্ড আরোপ করা হবে না।

সাতকাহন ডেস্ক

You might also like