Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

শর্তে শর্তে সমঝোতার ইঙ্গিত, যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসন ও যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন করে সংশোধিত ১৪ দফা প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট বার্তাসংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রস্তাবের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো—ইরানের আশপাশের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার। এছাড়া লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাত বন্ধের আহ্বানও জানানো হয়েছে।

ইরানের এই প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি শুরুতেই এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবং এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়েছে।

বার্তাসংস্থাটি আরও জানায়, যুক্তরাষ্ট্র আগে ইরানকে ৯ দফার একটি প্রস্তাব দিয়েছিল, যার জবাবে ইরান ১৪ দফা প্রস্তাব উপস্থাপন করে। এতে সামরিক আগ্রাসন বন্ধের নিশ্চয়তা, জব্দকৃত সম্পদ মুক্ত করা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালুর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, “আমাদের এই প্রস্তাবের মূল লক্ষ্য যুদ্ধের অবসান। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের—তারা কূটনৈতিক পথে এগোবে, নাকি সংঘাত চালিয়ে যাবে।”

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে ইরানের প্রস্তাব পর্যালোচনার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত কয়েক দশকে ইরানের কর্মকাণ্ডের তুলনায় এই প্রস্তাবে পর্যাপ্ত দায়বদ্ধতার প্রতিফলন নেই।

You might also like