মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার একটি বিশেষ যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ওয়াশিংটনের পক্ষ থেকে তৃতীয় একটি দেশের মাধ্যমে পাঠানো এ প্রস্তাবে তেহরান কোনো আনুষ্ঠানিক সাড়া না দিয়ে বরং সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানায়, গত বুধবার এই প্রস্তাব পাঠানো হয়। মূলত ওই অঞ্চলে মার্কিন সেনাদের ওপর বাড়তে থাকা চাপ ও ঝুঁকি কমানোর উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নেয় বলে ধারণা করা হচ্ছে।
তবে ইরান আলোচনার পথে না গিয়ে ‘মাঠে প্রতিক্রিয়া’ দেখানোর কৌশল বেছে নিয়েছে। কোনো লিখিত জবাব না দিয়ে সরাসরি সামরিক অভিযান চালিয়ে যাওয়ার মধ্য দিয়েই তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব প্রত্যাখ্যানের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি উত্তেজনা বৃদ্ধি ও ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ভুল হিসাবের কারণে মার্কিন বাহিনী চাপে পড়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সাতকাহন ডেস্ক