মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ কথা জানান। তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচিত হবে না।
কাতারভিত্তিক আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি এসব মন্তব্য করেন।
ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার পর আরাঘচি এ মন্তব্য করেন। তিনি জানান, পরবর্তী দফার আলোচনার নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনা আগামী সপ্তাহের শুরুতেই হতে পারে। এ বিষয়ে আরাঘচি বলেন, আমরাও এবং ওয়াশিংটনও মনে করি, আলোচনা দ্রুত হওয়া উচিত।