Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ টিম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর এবার নতুন মিশনে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে অংশ নিতে আজ (বুধবার) সকালে দল ব্যাংককের উদ্দেশে দেশ ছেড়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হবে এই আসর।

দলের সঙ্গে ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফের সদস্যরাও গেছেন। দলীয় এক কর্মকর্তা জানিয়েছেন, টুর্নামেন্ট ঘিরে বড় লক্ষ্য নিয়েই স্কোয়াড গঠন করা হয়েছে। তার ভাষায়, ‘এই আসরকে সামনে রেখে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সেই ভাবনা থেকেই দল সাজানো হয়েছে। যারা ভালো ফর্মে আছে, তাদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা কঠিন হবে, তবে আমরা প্রস্তুত।’

দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার ফাহিমা খাতুন। অনূর্ধ্ব-১৯ দলে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে রাইজিং স্টার্স দলে সুযোগ পেয়েছেন সাদিয়া আক্তার। অন্যদিকে, সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া জান্নাতুল ফেরদৌস সুমনা ‘এ’ দলের হয়ে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন।

এবারের আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও স্বাগতিক থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

টুর্নামেন্ট শুরুর পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। ১৬ ফেব্রুয়ারি থাইল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ মালয়েশিয়া। ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি।

বাংলাদেশ স্কোয়াড: ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল ও ফাতেমা জাহান।

You might also like