বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের প্রথম সাড়ে ছয় ঘণ্টায় ২৯.৬৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি আরও বেড়ে চলেছে।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত পরিস্থিতি প্রতিবেদন (নম্বর-৪) অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত এই আসনের ১৫০টি কেন্দ্রে মোট ১ লাখ ৩৩,৫৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০,৩০৯ জন।
এর আগে দুপুর ১২টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল ১৭.৫ শতাংশ। সেই হিসাবে মাত্র দুই ঘণ্টায় ভোটের হার প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নির্বাচন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী এলাকায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কেন্দ্রগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে।
মাঠ পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম জানান, প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও বিজিবি ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা টহল দিচ্ছেন।
ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
সাতকাহন ডেস্ক