Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী হওয়ার পর ভোট দেওয়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে ৩১ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে। তিন সন্তানের জননী তারাফুল বেগম (৪৮)কে ধর্মীয় বিধান অনুযায়ী মৌখিকভাবে তালাক দেন তার স্বামী সইবুর রহমান (৫৬)।

গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখটোলা মহল্লায় এ ঘটনা ঘটে। পরে দম্পতির পৃথক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

ভিডিও বার্তায় তারাফুল বেগম দাবি করেন, তিনি নিজের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ায় স্বামী তাকে তালাক দিয়েছেন। তাদের মধ্যে অন্য কোনো পারিবারিক বিরোধ বা সাম্প্রতিক ঝগড়া ছিল না বলেও জানান তিনি। অতীতেও তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছেন উল্লেখ করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

অন্যদিকে সইবুর রহমান নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কর্মী দাবি করে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের পর বাড়িতে উদ্‌যাপন করায় তিনি ক্ষুব্ধ হন। মানসিকভাবে উত্তেজিত অবস্থায় রাগের বশে স্ত্রীকে তালাক দিয়েছেন বলে স্বীকার করেন তিনি। পরে এ সিদ্ধান্তকে ভুল ও অনুচিত বলে মন্তব্য করেন।

You might also like