ইরানে অস্ত্র পাঠানো বন্ধ করতে রাজি হয়েছে চিন! পাকাপাকি ভাবে হরমুজ় খোলার ঘোষণা ট্রাম্পের, জিনপিংকেও বার্তা
হরমুজ প্রণালি স্থায়ীভাবে উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানে অস্ত্র সরবরাহ বন্ধ করতে সম্মত হয়েছে চীন। বুধবার (ভারতীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা জানান।
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি শুধু চীনের জন্য নয়, গোটা বিশ্বের স্বার্থেই খোলা রাখা হচ্ছে এবং এ সিদ্ধান্তে বেইজিং সন্তুষ্ট। তিনি আরও জানান, কয়েক সপ্তাহের মধ্যে তিনি চীন সফরে যাবেন এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বেইজিং।
এর আগে পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও তা সমঝোতা ছাড়াই শেষ হয়। এতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরান-সম্পর্কিত জাহাজ চলাচলে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দেয়।
এদিকে চীন সম্প্রতি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চার দফা প্রস্তাব দেয়, যার মধ্যে ছিল শান্তিপূর্ণ সহাবস্থান, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, উন্নয়ন-নিরাপত্তার ভারসাম্য এবং আন্তর্জাতিক আইন মেনে চলা।
উল্লেখ্য, ইরানে অস্ত্র সরবরাহ নিয়ে আগে থেকেই চীনের বিরুদ্ধে অভিযোগ করে আসছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সেই ইস্যুতে কোনো ধরনের সমঝোতার ইঙ্গিত দিলেও ‘স্থায়ীভাবে হরমুজ খোলা’—এই ঘোষণার বাস্তব অর্থ ও প্রয়োগ নিয়ে বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন রয়ে গেছে।
সাতকাহন ডেস্ক