মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ইসরায়েল কোনো ধরনের চাপ সৃষ্টি করেনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
ট্রাম্প বলেন, ইসরায়েল তাকে কখনোই ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে প্রভাবিত বা চাপ দেয়নি। তবে ৭ অক্টোবরের ঘটনার পর থেকে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে তার অবস্থান আরও কঠোর হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং ভবিষ্যতে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত এই চুক্তির অংশ হিসেবে ইরানের পারমাণবিক উপকরণ নিয়ন্ত্রণেও যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে পারে বলে ইঙ্গিত দেন ট্রাম্প।
অন্যদিকে, ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের অবস্থান নির্ধারিত হবে বর্তমান পরিস্থিতি ও বাস্তবতার ভিত্তিতে।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে প্রভাব রেখেছেন। তবে ট্রাম্প সেই ধারণা সরাসরি নাকচ করে দিয়েছেন।
সাতকাহন ডেস্ক