অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা ও শায়খ আহমাদুল্লাহ এর ভিসা বাতিল করেছে। গত রোববার (৫ এপ্রিল) তার ভিসা বাতিলের খবর সিডনিভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফে প্রকাশিত হয়।
শায়খ আহমাদুল্লাহ সিডনিতে একটি পূর্বনির্ধারিত অনুষ্ঠান “অ্যা লিগ্যাসি অব ফেইথ” যোগ দিতে আসেন। তবে ভিসা বাতিল হওয়ার কারণে তিনি অনুষ্ঠানসহ ক্যানবেরা, অ্যাডিলেড ও পার্থে নির্ধারিত বাকি তিনটি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।
অভিবাসন বিভাগ জানিয়েছে, তার ভিডিও ফুটেজে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য ধরা পড়ায় ভিসা বাতিল করা হয়েছে। এক ভিডিওতে শায়খ আহমাদুল্লাহ বলেন, “বিশ্বের সমস্ত অস্থিরতার মূলে রয়েছে ইহুদি ষড়যন্ত্র,” এবং ইহুদিদের ‘ঘৃণ্য’ ও বৈশ্বিক অশান্তির ‘নেপথ্য কারিগর’ আখ্যায়িত করেন।
অস্ট্রেলিয়ার সহকারী অভিবাসন মন্ত্রী ম্যাট থিসলথওয়েট বলেছেন, ইহুদিবিদ্বেষী বা ইসলামভীতি ছড়ানো ব্যক্তির প্রতি কোনো সহনশীলতা নেই। মাইগ্রেশন অ্যাক্ট অনুযায়ী এমন ভিসা বাতিল করার পূর্ণ ক্ষমতা রয়েছে।
এই ঘটনার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এর আগে আরেক বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকেও অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানো হয়েছিল।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় ছায়া পররাষ্ট্রমন্ত্রী মাইকেলা ক্যাশ এই ঘটনার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “যারা এখানে ঘৃণা ছড়াতে আসে, তাদের কখনোই ভিসা দেওয়া উচিত নয়।”
সাতকাহন ডেস্ক