Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশকে জানালেন বাংলাদেশি

অস্ট্রেলিয়ার সিডনিতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। ঘটনার পর নিজেই পুলিশে ফোন করে বিষয়টি জানান তিনি।

সোমবার সন্ধ্যায় সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যাম্পবেল টাউনে নিজ বাসা থেকে ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি পুলিশকে ফোন দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে পুলিশ।

দ্য সিডনি মর্নিং হ্যারাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ বাসার ভেতর থেকে অভিযুক্তের ৪৬ বছর বয়সী স্ত্রী এবং ১২ ও ৫ বছর বয়সী দুই সন্তানের মরদেহ উদ্ধার করে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়, দুই শিশুই বিশেষ চাহিদাসম্পন্ন ছিল এবং তারা বিকাশজনিত সমস্যায় ভুগছিল।

ঘটনার পর ওই ব্যক্তির বিরুদ্ধে পারিবারিক সহিংসতার আওতায় তিনটি হত্যার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার ক্যাম্পবেল টাউন আদালতে মামলাটি উত্থাপন করা হলেও অভিযুক্তকে আদালতে হাজির করা হয়নি।

আদালতের বাইরে অভিযুক্তের আইনজীবী জাওয়াদ হোসাইন সাংবাদিকদের জানান, তার মক্কেল মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। তবে তার কোনো মানসিক অসুস্থতা বা মাদকসেবনের ইতিহাস রয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রায় এক দশক আগে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এই দম্পতি। পরিবারের দুই সন্তান জন্মগতভাবে বিকাশজনিত সমস্যায় আক্রান্ত ছিল। অভিযুক্ত ব্যক্তি ঘরে থেকে সন্তানদের দেখাশোনা করতেন, আর তার স্ত্রী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।

পুলিশ জানিয়েছে, এর আগে পরিবারটির বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ বা সমাজকল্যাণ সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি।

সাতকাহন ডেস্ক

You might also like