Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

৮ জুন দিল্লিতে শুরু হচ্ছে বিজিবি-বিএসএফের ৫৭তম সীমান্ত সম্মেলন

বাংলাদেশ ও ভারতের সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে ৫৭তম সীমান্ত সম্মেলন আগামী ৮ থেকে ১১ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

সোমবার (১ জুন) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধিদল অংশ নেবে।

প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।

অন্যদিকে, বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমারের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরাও থাকবেন।

চার দিনব্যাপী এই সম্মেলনে দুই দেশের সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান প্রতিরোধ, সীমান্তে হত্যাকাণ্ড কমানো, আস্থা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

You might also like