Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি, আহত ২ বাংলাদেশি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) রাত দুইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. মহিউদ্দিন (৪২) এবং একই এলাকার মো. শাহীন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে তারা অবৈধভাবে ভারতে গিয়ে তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। মঙ্গলবার গভীর রাতে বসন্তপুর সীমান্তের বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

গুলিতে দুজনই আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে দেশে ফেরার সময় বিএসএফের গুলিতে আহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

You might also like