Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

হরমুজ প্রণালিতে ফরাসি জাহাজে হামলা

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি ফরাসি মালবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় এ হামলায় কয়েকজন নাবিক আহত হয়েছেন।

ফরাসি শিপিং ও লজিস্টিক প্রতিষ্ঠান সিএমএ সিজিএম এক বিবৃতিতে জানায়, তাদের ‘সিএমএ সান আন্তোনিও’ নামের জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। আহত নাবিকদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত ক্রুদের সব ধরনের সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

এদিকে সমুদ্রপথের নিরাপত্তা তদারকি সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, তারা একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে একটি মালবাহী জাহাজ আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছে, যদিও জাহাজটির নাম প্রথমে প্রকাশ করা হয়নি।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ জলপথে পরিণত হয়েছে। বৈশ্বিক জ্বালানি ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান এই রুটে ধারাবাহিক হামলার ঘটনা আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

You might also like