হামসহ বিভিন্ন রোগের টিকা ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। এতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি জানানো হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন।
আবেদনে তারা দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
এতে বলা হয়, টিকার সংকট এবং সময়মতো টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণে হামের প্রকোপ বেড়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমের ভূমিকা নিয়েও আলোচনা হচ্ছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার টিকা কেনার পদ্ধতিতে পূর্বপ্রস্তুতি ছাড়াই পরিবর্তন আনে এবং যথেষ্ট বাজেট থাকা সত্ত্বেও সময়মতো প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সংগ্রহে ব্যর্থ হয়। এর ফলে বর্তমানে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
আইনজীবীরা দাবি করেন, টিকা ক্রয় ও সরবরাহে অনিয়ম, তথ্য গোপন এবং বাজেটের সঠিক ব্যবহার না হওয়ার অভিযোগ দুর্নীতির ইঙ্গিত দেয়। বিভিন্ন গণমাধ্যমেও এ সংক্রান্ত অনিয়মের তথ্য প্রকাশিত হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
দেশের স্বাস্থ্যখাত ও শিশুদের সুরক্ষার স্বার্থে টিকা ক্রয় প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Recover your password.
A password will be e-mailed to you.