Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনে জাতিকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে আয়োজিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

ভোটগ্রহণ শেষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদারিত্ব—এই সম্মিলিত প্রয়াসই প্রমাণ করেছে যে দেশের মানুষ গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আমি বিশেষ ধন্যবাদ জানাই। তাদের নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এই বৃহৎ গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।”

চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও রাজনৈতিক শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আমি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাই—গণতান্ত্রিক আচরণ, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ যেন অটুট থাকে। মতপার্থক্য থাকবে, তবে জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।”

You might also like