পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় একযোগে ছুটি কার্যকর হওয়ার কথা থাকলেও, ২২ ও ২৩ মে সাপ্তাহিক বন্ধ থাকায় কার্যত আজ বৃহস্পতিবার ক্লাস শেষেই শুরু হচ্ছে ছুটি।
প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত। পরে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে এসব প্রতিষ্ঠান পুনরায় খুলবে ৭ জুন।
এ হিসাবে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিনের অবকাশ পাচ্ছে।
অন্যদিকে মাদরাসা শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসাগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত।
এর সঙ্গে ২২ ও ২৩ মে এবং ১২ ও ১৩ জুনের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় মাদরাসা শিক্ষার্থীরা মোট ২৩ দিনের ছুটি উপভোগ করবে।
Ministry of Education, Secondary and Higher Education Division, Technical and Madrasa Education Division এবং Ministry of Primary and Mass Education প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
সাতকাহন ডেস্ক