Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

বর্তমান শিক্ষা ব্যবস্থা দেশে বেকারত্ব বাড়াচ্ছে: শিক্ষামন্ত্রী মিলন

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বর্তমান গতানুগতিক শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বৃদ্ধিতে ভূমিকা রাখছে। তিনি জানান, এ ধারা পরিবর্তন করে শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী, দক্ষতাভিত্তিক ও যুগোপযোগীভাবে পুনর্গঠন করা হবে।

শনিবার রাজধানীর মিরপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, শিক্ষা বেকারত্ব বাড়ানোর জন্য নয়; বরং দক্ষ মানবসম্পদ তৈরির হাতিয়ার। শিক্ষার্থীদের কর্মক্ষম ও উৎপাদনশীল হিসেবে গড়ে তুলতে বাজারের চাহিদা অনুযায়ী নতুন বিষয় ও প্রতিষ্ঠান চালু করা হবে।

মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলা আমাদের চিন্তা ও অনুভূতির প্রধান বাহন। তবে বিশ্বায়নের যুগে টিকে থাকতে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিতে দক্ষতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও বিকাশেও সরকার উদ্যোগ নেবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করেন। তিনি শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম, ক্লাসরুম ও সামঞ্জস্যের ওপর গুরুত্বারোপ করেন এবং বিভিন্ন ধারার শিক্ষাব্যবস্থার মধ্যে মানগত সমন্বয়ের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাতকাহন ডেস্ক

You might also like