শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম এহসানুল হক মিলন বলেছেন, স্কুলে ভর্তির লটারি পদ্ধতি মেধা নির্ধারণ করে না।
রবিবার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “স্কুলে লটারিতে কতজন নির্বাচিত হয় আর কতজন পার্শিয়ালিটিতে সুযোগ পায়, সে বিষয়ে আমার কাছে সব তথ্য আছে। আমি স্পষ্টভাবে বলছি, লটারি মেধা নির্ধারণ করে না।”
তিনি আরও বলেন, লটারি পদ্ধতি নিয়ে সমালোচনা থাকলেও এটি ধনী-গরিব বৈষম্য কমায় না এবং মেধা বা অমেধাও নির্ধারণ করে না।
কোচিং সেন্টার প্রসঙ্গে তিনি বলেন, “কোচিং সেন্টার শুরু হয়েছে আমাদের নিজেদের দুর্বলতার কারণে। আগে আমাদের শিক্ষক প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষকরা কী শেখাবেন সেটাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত।”
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সামনে রেখে ঢাকা অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির। এতে শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাতকাহন ডেস্ক