ভারতের ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সাতজন আরোহীর সবাই নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাঁচি থেকে দিল্লির উদ্দেশে উড্ডয়নের পর প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে বিমানটি সিমারিয়ার বাড়িয়াতু এলাকার একটি ঘন জঙ্গলে আছড়ে পড়ে।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা Directorate General of Civil Aviation (ডিজিসিএ) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি. জানান, এয়ার অ্যাম্বুলেন্সে থাকা সাতজনই প্রাণ হারিয়েছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত বিমানটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং প্রায় ২০ মিনিট পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনার সময় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। প্রতিকূল আবহাওয়াই দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে ধারণা করা হচ্ছে। তবে পূর্ণাঙ্গ তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।