Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

বাণিজ্য চুক্তি নিয়ে টালবাহানা করা দেশগুলোকে ট্রাম্পের হু’মকি

সূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা বৈশ্বিক শুল্ক স্থগিত করার পর, দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে টালবাহানা করা দেশগুলোর ওপর উচ্চহারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বছর ট্রাম্প আরোপিত বেশিরভাগ শুল্ক বাতিল হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ মূল্যায়ন করছে, শুল্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে কী হবে। এরই মধ্যে ট্রাম্প সামাজিক মাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যে কোনো দেশ যদি সুপ্রিম কোর্টের রায়কে অজুহাত হিসেবে ব্যবহার করে বাণিজ্য প্রতিশ্রুতি থেকে সরে আসে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে অপ্রিয়ভাবে আচরণ করেছে, তাদের ওপর আরও কঠোর শুল্ক আরোপ করা হবে, যা পূর্ব ঘোষিত শুল্কের থেকেও বেশি ক্ষতিকর হবে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ১৯৭৭ সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে ট্রাম্পের ঘোষিত বৈশ্বিক শুল্ক বাতিল করে। আদালত জানায়, ওই আইন প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয়নি। এ সিদ্ধান্তের পর ট্রাম্প ভিন্ন একটি আইনের অধীনে বিশ্বব্যাপী নতুন করে ১০ শতাংশ শুল্ক ঘোষণা করেন, যা পরে ১৫ শতাংশে উন্নীত করা হয়। নতুন শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

সোমবার ইউরোপীয় ইউনিয়ন জানায়, তারা গ্রীষ্মে সম্পাদিত একটি চুক্তির অনুমোদন স্থগিত করবে। এছাড়া ভারতও পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্য মার্কিন কর্মকর্তাদের কাছে জানতে চাচ্ছে, তাদের চুক্তি কি শনিবার ঘোষিত ১৫ শতাংশের শুল্কের নিচে বহাল থাকবে কি না।

হোয়াইট হাউস জানিয়েছে, আদালতের রায়ের ফলে বাণিজ্য নীতি পরিবর্তিত হবে না। তারা এখন অন্যান্য আইনি পথ ব্যবহার করে শুল্ক আরোপ করবে। শুক্রবার ট্রাম্প ১২২ ধারা প্রয়োগ করেছেন, যা প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন ছাড়া ১৫০ দিনের জন্য শুল্ক আরোপের অনুমতি দেয়। পাশাপাশি ৩০১ ধারার অধীনে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন, যা প্রেসিডেন্টকে ‘অন্যায্য’ বাণিজ্য সম্পর্কের বিপরীতে শুল্ক আরোপের ক্ষমতা দেয়।

নতুন শুল্ক ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মতো নির্দিষ্ট পণ্যের ওপর আরোপিত হবে এবং পূর্ব ঘোষিত শুল্কের পাশাপাশি কার্যকর থাকবে। যদি কংগ্রেস মেয়াদ বাড়ানোর অনুমোদন না দেয়, তবে ১৫০ দিনের পরে ১৫ শতাংশ শুল্কের মেয়াদ শেষ হবে।

বাণিজ্য অনিশ্চয়তার কারণে সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে প্রায় এক শতাংশ পতন দেখা দিয়েছে। সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার সতর্ক করে বলেছেন, ডেমোক্র্যাটরা শুল্ক বৃদ্ধির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করবে। এছাড়া কিছু রিপাবলিকানও ট্রাম্পের শুল্ক কার্যক্রমকে সমর্থন করছে না।

সূত্র: বিবিসি

সাতকাহন ডেস্ক
You might also like