Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

পুরনো ‘ঐতিহ্যবাহী’ পোশাকে ফিরতে চায় পুলিশ

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বাংলাদেশ পুলিশ বাহিনীর নতুন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। সংগঠনটির মতে, পুরনো খাকি ইউনিফর্ম শুধু একটি পোশাক নয়; এটি বাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক। পরিবর্তনের আগে পর্যাপ্ত গবেষণা ও জনমত যাচাই করা প্রয়োজন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা জেলার পুলিশ সুপার ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. অনিসুজ্জামানের সই করা এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বাহিনীর অধিকাংশ সদস্যই তড়িঘড়ি করে নেওয়া পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের পক্ষে নন।

সংগঠনটির দাবি, ২০০৩-২০০৪ সালে একটি বিশেষ কমিটির সুপারিশের ভিত্তিতে দীর্ঘ যাচাই-বাছাই শেষে খাকি পোশাক পরিবর্তন করা হয়। তখন পুলিশ সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া, দিন-রাতের ডিউটিতে সহজে চিহ্নিত হওয়ার বিষয় এবং অন্যান্য বাহিনীর সঙ্গে মিল এড়ানোর বিষয়গুলো বিবেচনা করা হয়েছিল। তবে বর্তমান নতুন ইউনিফর্মে এসব বাস্তবতা যথাযথভাবে প্রতিফলিত হয়নি। নতুন পোশাকের সঙ্গে কয়েকটি সংস্থার পোশাকের সাদৃশ্য থাকায় মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের দ্রুত শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যরা ঐতিহ্যবাহী খাকি পোশাকে দায়িত্ব পালন করেছেন। তাদের পেশাদারিত্ব দেশের মধ্যে এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

সংগঠনটি মনে করছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নতুন ইউনিফর্মে বিপুল অর্থ ব্যয় করার চেয়ে সেই অর্থ বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ, লজিস্টিক সহায়তা বৃদ্ধি এবং সদস্যদের প্রশিক্ষণ ও মনোবল উন্নয়নে ব্যয় করা বেশি যৌক্তিক। তাদের মতে, পোশাকের রং বা নকশার চেয়ে পুলিশ সদস্যদের মনোভাব, মনোবল ও পেশাদারিত্ব বৃদ্ধি এখন বেশি গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে, পুলিশ সদস্যদের আবেগ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। একই সঙ্গে আরও গবেষণা ও জনমত যাচাইয়ের ভিত্তিতে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতির শেষে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

সাতকাহন ডেস্ক
You might also like