ঢাকায় আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী–নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন–এর সঙ্গে বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি এবং নির্বাচন–পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে তারা এদিন নির্বাচন কমিশন ভবনে যান।
বেলা ১২টার দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়ের–এর নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে। এসব বিষয় নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। এই হামলার প্রতিবাদে সোমবার ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা থেকে প্রতিবাদ মিছিল বের করা হবে।