নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-৩ আসন (সোনাগাজী–দাগনভুঁঞা) থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বে থাকা যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা এ নোটিশ জারি করেন।
নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ ফখরুদ্দিন মানিক তার লিফলেট, ব্যানার ও ফেস্টুনে নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করছেন। অথচ তার দাখিলকৃত নির্বাচনী হলফনামায় ওই পদবি উল্লেখ নেই। বিষয়টি স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলে উল্লেখ করা হয়।
এছাড়া এমবিবিএস বা বিডিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও ‘ডাক্তার’ পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৭(৩)(খ) ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে আগামী ৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।