মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচলের অনুমতি না দিলে ইরানের অবকাঠামো ধ্বংস করা হবে বলে হুমকি দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে এশিয়ার বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ১.৬% বৃদ্ধি পেয়ে ১১০.৮৫ ডলারে দাঁড়িয়েছে, আর যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ০.৮% বেড়ে ১১২.৪০ ডলারে পৌঁছেছে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে পোস্টে হুমকি দিয়েছেন এবং ইরানের প্রতি কঠোর বার্তা দিয়েছেন।
ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল আলি আব্দুল্লাহি আলিয়াবাদি ট্রাম্পের দেওয়া সময়সীমাকে প্রত্যাখ্যান করে একে ‘অসহায়, অস্থির, ভারসাম্যহীন, ফালতু কথাবার্তা’ হিসেবে উড়িয়ে দিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ইরান হুমকি দিয়ে আসছে—যদি কোনো জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে চায়, তাদের ওপর আক্রমণ চালানো হবে। এই সরু জলপথের মাধ্যমে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়, ফলে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হলে বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
সাম্প্রতিক ঘটনায় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার কথা স্বীকার করেছে ইরান।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করেছে, যদি তাদের দেশের বেসামরিক অবকাঠামোতে হামলা চলতে থাকে, তবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে হামলা আরও বাড়ানো হবে।