যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানিয়েছেন একাধিক মার্কিন আইনপ্রণেতা। তারা দেশটির সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের মাধ্যমে ট্রাম্পকে অপসারণের দাবি তুলেছেন, যা অনুযায়ী প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ক্ষমতা হস্তান্তরের বিধান রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সর্বশেষ এই দাবিতে যুক্ত হয়েছেন অ্যারিজোনার কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে বলেন, “ট্রাম্প একটি বিধ্বংসী ও অবৈধ যুদ্ধ উসকে দিচ্ছেন, ব্যাপক যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন এবং ইরানে বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করছেন।”
এর আগে মিনেসোটার কংগ্রেসওম্যান ইলহান ওমর ট্রাম্পের ইরানের বেসামরিক স্থাপনায় হামলার হুমকির সমালোচনা করেন। নিউ মেক্সিকোর কংগ্রেসওম্যান মেলানি স্ট্যানসবুরি বলেন, “এখনই ২৫তম সংশোধনীর সময়। কংগ্রেস ও মন্ত্রিসভাকে পদক্ষেপ নিতে হবে।”
ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জো ওয়ালশ বলেন, “তিনি এই দেশ ও বিশ্বের জন্য চিরস্থায়ী কলঙ্ক হয়ে থাকবেন। এখনই ২৫তম সংশোধনী প্রয়োগ করতে হবে।”
ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি এক্সে বলেন, “আমি যদি ট্রাম্পের মন্ত্রিসভায় থাকতাম, ইস্টারের দিনটিও সাংবিধানিক আইনজীবীদের সঙ্গে ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা করেই কাটাতাম। তিনি ইতোমধ্যে হাজারো মানুষকে হত্যা করেছেন, আরও হাজারো মানুষকে হত্যা করবেন।”
অন্যদিকে ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ইরান-কে সময় দিয়েছেন। তিনি হুঁশিয়ার করে বলেছেন, এই সময়ের মধ্যে চুক্তি না করলে তাদের ব্রিজ ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।
সাতকাহন ডেস্ক