Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরো ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ : বিপিডিবি

চলমান তাপপ্রবাহে বিদ্যুৎ সংকট কিছুটা লাঘব করতে এপ্রিলের শেষ নাগাদ জাতীয় গ্রিডে অতিরিক্ত ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানান, আদানি পাওয়ার, চট্টগ্রামের এসএস পাওয়ার এবং পটুয়াখালীর আরএনপিএল যৌথ উদ্যোগ থেকে এই অতিরিক্ত বিদ্যুৎ পাওয়া যাবে। এর মধ্যে ২৬ এপ্রিল থেকে আদানি পাওয়ার ৭৫০ মেগাওয়াট সরবরাহ শুরু করবে। এছাড়া ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার ও আরএনপিএল প্রত্যেকে ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারে।

তিনি আরও জানান, কয়লাভিত্তিক কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বন্ধ থাকলেও পায়রা বন্দরে কয়লাবাহী জাহাজ পৌঁছালে সেগুলোর উৎপাদন পুনরায় শুরু হবে। একই সঙ্গে রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকা আদানি পাওয়ারের একটি ইউনিটও চালু হচ্ছে।

তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় দেশে লোডশেডিং পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ১৯৬ মেগাওয়াট, যেখানে চাহিদা ছিল প্রায় ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। গ্রীষ্মে এই চাহিদা ১৭ হাজার থেকে ১৮ হাজার ৫০০ মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবেলায় এলএনজি, হেভি ফুয়েল অয়েল ও কয়লা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিশেষ করে ঢাকাকে লোডশেডিংয়ের বাইরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

You might also like