Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আজ বিসিবি নির্বাচনের তদন্ত প্রতিবেদন হস্তান্তর

ঢাকা, ৫ এপ্রিল: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে গঠিত তদন্ত কমিটি আজ (রোববার) তাদের প্রতিবেদন জমা দেবে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ৫ সদস্যের এই কমিটির প্রতিবেদন সকাল ১১টার দিকে ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

জানা গেছে, প্রতিবেদনটি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাতে তুলে দেওয়া হবে। এই প্রতিবেদনকে ঘিরে ক্রীড়াঙ্গনে বাড়ছে আগ্রহ ও জল্পনা।

তদন্তের অংশ হিসেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বেশ কয়েকজন পরিচালক কমিটির মুখোমুখি হয়েছেন। সভাপতির পর বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন। এছাড়া বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদের সঙ্গেও কথা বলে তদন্ত কমিটি।

উল্লেখ্য, গত ১১ মার্চ অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে এই কমিটি গঠন করে এনএসসি।

তবে শুরু থেকেই বিসিবি এই তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। বোর্ডের আশঙ্কা, এ ধরনের তদন্ত নির্বাচিত পরিচালনা পর্ষদের স্থিতিশীলতা ও স্বাধীনতায় প্রভাব ফেলতে পারে, যা আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

বিসিবির দাবি, তাদের বর্তমান পরিচালনা পর্ষদ সংবিধান অনুযায়ী গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং একটি প্রতিষ্ঠিত কাঠামোর মধ্যেই তারা দায়িত্ব পালন করছে। একই সঙ্গে আন্তর্জাতিক নিয়ম মেনেই ক্রিকেটের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানিয়েছে বোর্ড।

এখন সবার নজর তদন্ত প্রতিবেদনের দিকে—এতে কী উঠে আসে, তার ওপর নির্ভর করছে বিসিবির ভবিষ্যৎ পরিস্থিতি।

সাতকাহন ডেস্ক
You might also like