Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

একদিনে বিসিবি ছাড়লেন চার পরিচালক

ঢাকা, ৫ এপ্রিল: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হঠাৎ করেই একের পর এক পরিচালকের পদত্যাগে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। যদিও বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংকটের কথা অস্বীকার করেছেন, বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।

শনিবার (৪ এপ্রিল) বিসিবির বোর্ড সভার দিনই পদত্যাগ করেন চারজন পরিচালক। প্রথমে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ফায়াজুর রহমান মিতু, যিনি ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিসিডিএমের ভাইস চেয়ারম্যান ছিলেন। বোর্ড সভা শেষে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

এরপর রাতের দিকে পদত্যাগ করেন ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম এবং সিকিউরিটি বিভাগের চেয়ারম্যান মেহরব আলম চৌধুরী। সর্বশেষ একই রাতে দায়িত্ব ছাড়েন মনজুর আলম। এই চারজনই গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছিলেন।

এর আগে আরও তিনজন পরিচালক—ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল—পদত্যাগ করেন। ফলে ২৫ সদস্যের বোর্ডে এখন পর্যন্ত মোট সাতজন দায়িত্ব ছেড়েছেন।

এদিকে, বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ইতোমধ্যে কয়েকজন পরিচালক ওই কমিটির মুখোমুখি হয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

তদন্ত চলাকালে ধারাবাহিক পদত্যাগে অনেকের মধ্যে সন্দেহ ও প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, বর্তমান বোর্ডের ভেতরে অস্থিরতা রয়েছে এবং তদন্তের চাপই এর অন্যতম কারণ হতে পারে।

যদিও বোর্ড সভাপতি সংকটের কথা অস্বীকার করছেন, তবুও পরিস্থিতি পর্যবেক্ষণকারীরা মনে করছেন, সামনে বিসিবিতে আরও পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

সাতকাহন ডেস্ক

You might also like