হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ভারতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। অপরাধীরা দেশের বাইরে পালিয়ে গেলেও তারা আইনের হাত থেকে রেহাই পাবে না এবং তাদের দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে।
সভায় জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমান, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।