Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ইংলিশ মিডিয়াম স্কুল ছুটি কাল থেকে, বন্ধ থাকবে কোচিং সেন্টারও

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম স্কুল) আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ (ছুটি) ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরণের কোচিং সেন্টারের সকল কার্যক্রমও এ সময়ে বন্ধ থাকবে।

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পবিত্র মাহে রমজানে ঢাকাসহ বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত (ইংলিশ মিডিয়াম স্কুল) বিদ্যালয়ের প্রতিনিধি নিয়ে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আগামীকাল সোমবার (৯/৩/২০২৬) থেক পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটি পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে পরীক্ষা ও কোচিং সংক্রান্ত ককয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো—

১. শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়সমূহের আবশ্যিক পরীক্ষাসমূহ তাদের নির্ধারিত পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী যথাযথভাবে পরিচালিত হবে।

২. একইসাথে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরণের কোচিং সেন্টারের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দেশের সরকারি প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে রমজানের ছুটি শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে। এ ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে এই দীর্ঘ ছুটি দিয়েছে সরকার। এবার ইংলিশ মিডিয়াম স্কুলও ছুটি দেওয়া হলো।

সাতকাহন ডেস্ক

You might also like