অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৭ মে এ রিট আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে এম কে রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডে দেশের বিভিন্ন খাতে অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে রিটে উল্লেখ করা হয়েছে। অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের পরিস্থিতি তদন্তে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠনের প্রয়োজন রয়েছে বলেও তিনি দাবি করেন।
রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, গত ১৮ মাসে যা কিছু ঘটেছে, তার পূর্ণাঙ্গ তদন্ত চাওয়া হয়েছে। তদন্তের পদ্ধতি সরকারই নির্ধারণ করবে। তিনি জানান, শুনানিতে অ্যাটর্নি জেনারেল বিষয়টি নিয়ে সরকারের নির্দেশনা নেওয়ার কথা বলেছেন।